গাজীপুরে পিস্তলসহ গ্রেপ্তার ১০
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও ইয়াবাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে তাদের গ্রেপ্তার হয়। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই আবু সাঈদ বলেন, “এলাকার শীর্ষ সন্ত্রাসী লিয়ন তার সহযোগীদের নিয়ে বুধবার রাত পৌনে ৩টার দিকে একটি সাদা প্রাইভেট কারে করে তালতলী এলাকায় আনন্দ পার্কে যান। “সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৯০০ ইয়াবা উদ্ধার করার পাশাপাশি একটি প্রাইভেট কার জব্দ করা হয়। লিয়নের নামে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি হচ্ছে হত্যা মামলা। অন্যদের নামেও একাধিক মামলা রয়েছে।”
এছাড়া একই রাতে কালিয়াদহ এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয় বলে তিনি জানান।
কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার লিয়ন সিদ্দিক (৩৬), সিনাবহ এলাকার ফিরোজ আহম্মেদ ওরফে শুভ (৩২), আন্দারমানিক এলাকার আনোয়ার হোসেন (৩৩), মৌচাক এলাকার রুবেল পারভেজ (৩০), কারল সুরিচালা এলাকার জাহাঙ্গীর আলম (৩৫), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ভাগ্যকুল বালাশ্বর এলাকার জুয়েল হাসান (২৩), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার ফেরদৌস হাসান (১৮), জামালপুরের তুলশীপুর এলাকার আল আমিন (২০), একই উপজেলার মিরিকপুর এলাকার মো. আব্দুল্লাহ (২০) ও বগুড়া সদরের সেলিমপুর এলাকার সতন বাসপন (২০)।
