২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৫১ লাখ টাকার সোনাসহ যুবক আটক

যশোরের বেনাপোল থেকে বিজিবি ৫১ লাখ টাকার সোনাসহ একজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 02:27 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার পতেঙ্গালী কবিরাজ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হাসানুজ্জামান (৩০) যশোর সদর উপজেলার খড়কী গ্রামের মমিন উদ্দিনের ছেলে।

বিজিবি কর্মকর্তা আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে সোনা পাচার হচ্ছে বলে গোপনে খবর পেয়ে শালকোনা বিজিবির হাবিলদার মহিবুর রহমান দলবল নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২৯ নম্বর মেইন পিলারের কাছে অবস্থান নেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে হাসানুজ্জামান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জানিয়ে তিনি বলেন, “তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়।

“তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া গেছে। এর ওজন এক কেজি ১৬৩ গ্রাম; বাজারদর ৫১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।”

উদ্ধার করা সোনা যশোরে সরকারি কোষাগারে জমা দিয়ে হাসানুজ্জামানকে পুলিশে দেওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তা আরিফুল হক।