বেনাপোলে মার্কিন ডলারসহ ২ যুবক আটক
বেনাপোলে ৮৯ হাজার মার্কিন ডলারসহ দুই যুবককে আটক করেছে বিজিবি ।
বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয় বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান।
এরা হলেন -নড়াইল জেলার খাসিয়াল গ্রামের আমির হোসেনের ছেলে ওবায়দুর রহমান (২৭) ও একই জেলার বাওয়ে সোনা গ্রামের কাওছার মোল্লার ছেলে মাসুদ মোল্লা (৩০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরিফুল বলেন, ভারত থেকে বৈদেশিক মুদ্রার একটি চালান নিয়ে দুই যুবক বাংলাদেশে আসছে খবর পেয়ে আমড়াখালি চেকপোস্টে অভিযান চালায় বিজিবি। সেখানে বেনাপোল থেকে যশোরমুখী একটি বাসে তল্লাশি চালিয়ে ওবায়দুর ও মাসুদকে আটক করা হয় ।
“পরে তাদের কাছ থেছে নগদ ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়; যা বাংলাদেশি টাকায় পঁচাত্তর লাখ তেতাল্লিশ হাজার দুইশত টাকার সমান।”
আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
