২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সন্তান হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

গাজীপুরে নিজের সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 08:55 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া মধ্যপাড়ায় একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।  

নয় মাস বয়সী মার্জিয়া ওই এলাকার আল আমিনের মেয়ে।

জয়দেবপুর থানার এস আই সাদেকুজ্জামান বলেন, ‘পরকীয়া’র জেরে আমেনা আক্তার (২৫) তার সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেন। পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“আমেনা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তিনি হত্যার দায় স্বীকার করেছেন।”

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই সাদেকুজ্জামান।

এলাকাবাসীর বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, কুনিয়া মধ্যপাড়ায় একটি ভাড়া বাড়িতে মার্জিয়াকে নিয়ে থাকতেন আমেনা। তিনি সেখানে একটি কারখানায় কাজ করতেন।

“কাজ করার সুবাদে ওই কারখানার সহকর্মী ইব্রাহীম মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন আমেনা। এর জের ধরে কয়েক মাস আগে স্বামী আল আমিনের সঙ্গে বিচ্ছেদ হয় তার।”

সাদেকুজ্জামান জানান, ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

আমেনা আক্তারের সহকর্মী ইব্রাহীমকেও খোঁজা হচ্ছে বলে জানান তিনি।