২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত: হামলাকারীকে থানায় দিলেন মা

বগুড়ায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 08:34 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

রোববার মধ্যরাতে সদর থানায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর কার্যালয়ে কাওছার অভিকে (২৪) নিয়ে যান তার মা নাসরিন আলম কাকলী।

পরে পুলিশ অভিকে ওই ঘটনার মামলায় গ্রেপ্তার দেখায় বলে সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান।

গত ৩০ অগাস্ট বিকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে শহরের কাটনারপাড়ায় দুটি মোটরসাইকেলে আসা একদল যুবক ওই কলেজ ছাত্রীকে মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সদর ফাড়ির টিএসআই শেখ ফরিদ জানান, অভিকে সোমবার আদালতে হাজির করে জিজ্ঞাসাদের জন্য পাঁচদিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হবে।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরীফুল ইসলাম শুনানি শেষে দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন বলে জানান টিএসআই ফরিদ।

হামলার শিকার তরুণী বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি শহরের বাদুড়তলা এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন।

ঘটনার দিন বিকালে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন এবং পথে হামলার শিকার হন।

ওই ঘটনায় তার বাবা বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর অভি এবং তার চার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শেখ ফরিদ উদ্দিন মামলাটি তদন্ত করছেন।

এর আগে স্থানীয় লোকজন ও পুলিশের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছিল অভি উপশহর এলাকার বাসিন্দা যুবলীগ নেতা মাহফুজুল আলম জয়ের ছেলে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অভি জানান, তার বাবা হলেন মাসুদ আহমেদ এবং সৎ বাবা হলেন মাহফুজুল আলম জয়।

অভি তার মা কাকলী ও সৎ বাবা মাহফুজুল আলম জয়ের সঙ্গে উশহরের সেউজগাড়ীতে থাকেন। তার বাবা মাসুদ আহমেদ থাকেন ঢাকায়।

পুরনো খবর:

বগুড়ায় ছাত্রীকে ছুরিকাঘাত, মামলায় যুবলীগ নেতার ছেলে