২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্র-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফেনীতে শহরে অস্ত্র ও ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যিনি অস্ত্রসহ একাধিক মামলা মাথায় নিয়ে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 10:50 AM

Updated : 19 Aug 2022, 02:32 PM

গ্রেপ্তার মনোয়ার হোসেন সোহেল ওরফে ডাইল সোহেল (৩৪) ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপনে খবর পেয়ে শহরের বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে সোহেলকে তারা গ্রেপ্তার করেন।

“পরে তল্লাশি চালানো হলে সোহেলের কাছে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও ২০০টি ইয়াবা পাওয়া যায়।”

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, সোহেল অস্ত্রসহ একাধিক মামলার আসামি। মামলা মাথায় নিয়েই সে পালিয়ে বেড়াচ্ছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।