ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৩
সাভারে একটি ট্রাককে পেছন থেকে পিকআপ ভ্যানের ধাক্কার পর এর চালকসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার ভোরে সাভারের বলিয়ারপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার এসআই আজগর আলী জানান।
নিহতরা হলেন- মীর আখতার গ্রুপের প্রকৌশলী জহুরুল ইসলাম (৪৫), ওই প্রতিষ্ঠানের কর্মচারী নুরন্নবী ও পিকআপ ভ্যানের চালক খলিলুর রহমান (৫০)।
এসআই আজগর বলেন, মীর আখতার গ্রুপের একটি পিকআপ ভ্যানে করে জহুরুল ও নুরন্নবী সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দ্রুত গতির একটি ট্রাককে ধাক্কা দেয়।
“এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় বলে জানান এসআই।
