নোয়াখালীতে কনস্টেবলের স্ত্রীর মৃত্যু, হত্যার অভিযোগ
নোয়াখালী সদরে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, রোববার মাইজদীর নুতন বাসস্ট্যান্ড এলাকার ভাড়া বাসা থেকে দিলরুবা আক্তার সালমার (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়।
দিলরুবা জেলা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল তাসবিত হোসেন রাজিবের স্ত্রী।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ এটিকে আত্মহত্যা বললেও নিহতের পরিবার করছে হত্যার অভিযোগ।
ওসি আনোয়ার হোসেন জানান, সকালে রাজিব ও সালমা দম্পতির মধ্যে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী ও শিশু সন্তানকে শয়নকক্ষে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন সালমা।
“পরে রান্না ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন সালমা। খবর পেয়ে স্থানীয়রা দরজা ভেঙ্গে রাজিব ও তার শিশু সন্তানকে উদ্ধার করে। এরপর থানায় খবর দিলে পুলিশ সালমাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম রেজা বলেন, দুপুরে দিলরুবা আক্তার সালমা নামে এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের মো. সেলিমের ছেলে পুলিশ কনস্টেবল তাসবিত হোসেন রাজিব পাঁচ বছর আগে হাতিয়া থানায় কর্মরত ছিলেন। ওই সময় তার সঙ্গে হাতিয়ার চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের সোলাইমান মিয়ার মেয়ে দিলরুবা আক্তার সালমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন।
পরে রাজিবকে হাতিয়া থেকে জেলা সদরে বদলি করা হলে স্ত্রীকে নিয়ে মাইজদীতে নুতন বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় ওঠেন তারা। তাদের চার বছরের একটি মেয়ে রয়েছে।
সালমার ভাই মো. হাছান অভিযোগ করেন, বিয়ের পর থেকে সালমাকে নির্যাতন করত রাজিব। সকাল সাড়ে ১১টার দিকে ফোনে বোনকে নিয়ে যেতে বলেন রাজিব, নইলে তাকে তালাক দেওয়ার হুমকি দেন।
“কিছুক্ষণ পর আমাকে দ্রুত হাসপাতালে আসতে বলে। হাসপাতালে এসে দেখি বোনের লাশ। রাজিব আমার বোনকে শ্বাসরোধ করে হত্যা করে এখন আত্মহহত্যা বলে প্রচার করছে।”
নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বলেন, “পুলিশ কারো ব্যক্তিগত অপরাধের দায় দায়িত্ব নিবে না। সালমার পরিবারের পক্ষ থেকে তার স্বামীর বিরুদ্ধে হত্যায় প্ররোচিত করার অভিযোগ দিলে পুলিশ তা খতিয়ে দেখবে।
এছাড়া ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার বিষয়টি উঠে আসলে হত্যা মামলা এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।
