রাজশাহীতে ১০৩ বিএনপি-জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজশাহী নগর ও বিভিন্ন উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০৩ জনকে নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী জেলা ও মহানগর পুলিশ বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, পুঠিয়া জামায়াতের আমির ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আহমদ উল্লাহকে সরগাছি গ্রামের নিজ বাড়ি থেকে থানা পুলিশ গ্রেপ্তার করে।
পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে জামায়াত নেতা হুমায়ুন কবির (৩২), আশরাফুল ইসলাম (৪০) ও শিবির নেতা শামীম রেজাকে (২২) গ্রেপ্তার করা হয়।
আবদুর রাজ্জাক আরও জানান, বাগমারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন- জামায়াত নেতা আবু সায়েম (৪৫) ও আবদুল করিম (৪২) এবং বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন (৪৮), আবদুল খালেক (৪৫) ও আবদুর রউফ হিটলা (৫০)।
তিনি বলেন, গভীর রাতে বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামের একটি আম বাগানে জামায়াতের বেশ কিছু নেতাকর্মীরা বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়। এ সময় জামায়াত নেতা আবু সায়েম ও আবদুল করিমকে গ্রেপ্তার করা হয়।
সেখান থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
এছাড়াও জেলার তানোর, মোহনপুর, দুর্গাপুর, বাঘা, চারঘাট, গোদাগাড়ী এবং গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরও ৪১ জনকে গ্রেপ্তার করেছে। এদেরকে গ্রেপ্তারি পরোয়ানা ও মাদক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানান সিনিয়র এএসপি রাজ্জাক।
এদিকে, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে বেশিরভাগই গ্রেপ্তারি পরোয়ানার আসামি ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
