২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের পিপিকে চাঁদার দাবিতে হত্যার হুমকি

চাঁদা দাবিতে হত্যার হুমকি পাওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন রংপুর জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 07:27 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

বৃহস্পতিবার তিনি এ সাধারণ ডায়েরি করেন বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মুক্তারুল আলম জানান।

পিপি মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটে ডাকঘরের এক পিয়ন একটি চিঠি দিয়ে যায়।

“খামটি খুলে দেখি সাদা কাগজে খেলা আছে, ‘পিপি মালেক তোর দিন শেষ। সাতদিনের মধ্যে এক কোটি টাকা দিবি। না হলে তোর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হবে। এবং সে মাথা তোর গ্রামের বাড়ি নীলফামারীতে পাঠানো হবে’।”

চিঠির প্রেরক হিসেবে কমান্ডার, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি লেখা রয়েছে বলে জানান পিপি। 

তিনি বলেন, “বিষয়টি আইনজীবী সমিতিসহ অন্যান্য আইনজীবীদের জানিয়েছি এবং বিকালে নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করেছি।”

পিপি মালেকের গ্রামের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম এলাকায়।

পরিদর্শক মুক্তারুল আলম বলেন, “পিপি মালেক একটা জিডি করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধানে কাজ করা হচ্ছে।”