সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদ নোয়াখালীতে
পাবনায় সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালী প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ছাড়াও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মেসবাহ্ উল হক মিঠু, সামছুল হাসান মীরণ, ফুয়াদ হোসেন, আবু নাছের মঞ্জু, আকবর হোসেন সোহাগ, জাহিদুর রহমান শামীম, মনির হোসেন বাবু, মো. সোহেল, নাজিম উদ্দিন মিলন, অ্যাডভেকেট হুমায়ুন কবির প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সুবর্ণা নদীর খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে (৩২) মঙ্গলবার রাতে শহরের মজুমদারপাড়ায় তার বাড়িতে গিয়ে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত।এ ঘটনায় তার সাবেক স্বামী ও সাবেক শ্বশুরকে আসামি করে মামলা করেছেন সুবর্ণার মা। পুলিশ তার সাবেক শ্বশুরকে গ্রেপ্তার করেছে।
পারিবারিক বিরোধে সুবর্ণাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।
