২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদকসেবী’ কুপিয়ে মারল অটোচালককে, গ্রেপ্তার ৬

‘চাঁদাবাজিতে বাধা দেওয়ায়’ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক, যাদেরকে মাদক ব্যবসায়ী বলছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 09:01 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

নবীগঞ্জ কদমতলী এলাকায় সোমবার রাতে এই ঘটনা ঘটে বলে বন্দর থানার ওসি একেএম শাহীন মন্ডল জানান।

নিহত মো. রুবেল (৩০) মৃত মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ওরফে আজগরের ছেলে। হামলায় ওই ব্যক্তির স্ত্রী ও বড় ভাই আহত হয়েছেন।  

এই ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

রুবেলের আহত স্ত্রী শারমিন আক্তার ও বড় ভাই আলমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, রাতে সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ কদমতলী এলাকায় ‘মাদক ব্যবসায়ী’ আবুল হোসেনের কাছে দুই হাজার টাকা চান ‘মাদক ব্যবসায়ী ও সেবনকারী’ সনেট ও হৃদয়। আবুল হোসেন টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর শুরু করেন সনেট, হৃদয় ও তার সহযোগীরা।

“এই ঘটনায় হইচই শুনে অটোরিকশা চালক মো. রুবেলসহ এলাকার লোকজন এগিয়ে এসে সনেট ও তার সহযোগীদের বাধা দেন। এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারী সনেট, হৃদয় ,তানজিল, সাজেন, রুমান ও হাসিম এলোপাথাড়ি কুপিয়ে আহত করেন।

“গুরুতর অবস্থায় রুবেলকে উদ্ধার করে নগরীর খানপুরে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ২টার দিকে দিকে তার মৃত্যু হয়।”

নিহত রুবেলের মৃত্যুর পর শোকের মাতম চলছে। রুবেলের হাসান নামে দুই বছরের ছেলে রয়েছে।

রুবেলের বড় ভাই আলামিন বলেন, “এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সনেট, হৃদয় ও তাদের সহযোগীরা এক ব্যক্তিকে মারধর করতে থাকলে হইচই শুনে রুবেল এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে তাকে কোপাতে থাকে। “রুবেলকে বাঁচাতে তার স্ত্রী ও আমি এগিয়ে গেলে তারা আমাদেরও মারধর করে আহত করে।”

ওসি শাহীন জানান, রুবেল হত্যার ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তার বড় ভাই আলামিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।