যশোরে ৩ চাকার অবৈধ গাড়ি পুকুরে ফেলছে পুলিশ
মহাসড়কে চলাচলকারী তিন চাকার অবৈধ গাড়ি ধরে ধরে পুকুরে ফেলছে যশোরের পুলিশ।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই পলিটন মিয়া জানান, যশোর-বেনাপোল ও যশোর-সাতক্ষীরা মহাসড়কে অবৈধভাবে চলাচল করা নসিমন, করিমন, পাওয়ার টিলারসহ স্থানীয়ভাবে তৈরি গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।
ওপর মহলের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, গত তিন দিনে ৮৫টি তিন চাকার গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
“আর নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মহাসড়কে আসার কারণে তাদের ধরে ধরে জলাশয়ে ফেলা হচ্ছে।”
নসিমন, করিমন, ইজিবাইক, আলম সাধু, পাওয়ার টিলার, ভটভটি ইত্যাদি নামে চলা এসব ঝুঁকিপূর্ণ গাড়ির কারণে মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।
নিষিদ্ধ এসব গাড়ির চালকরা পুলিশকে ‘ম্যানেজ করে’ চলাচল করে বলেও অভিযোগ আছে।
