সীমান্তে হত্যাকাণ্ড কমেছে: বিজিবি
বিএসএফের সঙ্গে বিজিবির সোহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে সীমান্তে হত্যাকাণ্ড কমেছে বলে মনে করেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
সোমাবার বিজিবি প্রধান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম সীমান্ত এলাকা, সাহেবনগর ও ডিয়ের মানিক চক বিওপি পরিদর্শন করেন।
তিনি সাহেবনগর বিওপিতে একটি আম গাছের চারা রোপন করেন এবং পরে নিজে মোটরসাইকেল চালিয়ে সীমান্ত এলাকা ঘুরে দেখেন।
বিজিবি প্রধান সাংবাদিকদের বলেন, সীমান্তে নিরাপত্তার জন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনাজপুরের হিলি ও চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে সার্ভেইল্যান্স প্রযুক্তি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সীমান্ত মনিটরিং করে দ্রুততম সময়ের মাধ্যমে রেসপন্ড টিম পৌঁছাতে পারবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, “চোরাচালান, মাদক, অস্ত্র ও নারী-শিশু পাচার রোধে বিজিবির জিরো টলারেন্স নীতির ফলে সীমান্তে আমাদের অপারেশনাল সফলতা অনেক বৃদ্ধি পেয়েছে।”
দেশের পুরো সীমান্তে বিজিবির কঠোর নজরদারির ফলে চলতি বছর এ যাবৎ বিজিবির অভিযানে ৬০০ কোটি টাকার অধিক চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে চার শতাধিক ব্যক্তিকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও সাফিনুল জানান।
এ ক্ষেত্রে অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
সাফিনুল বলেন, রাজশাহীর এই দুর্গম সীমান্তে টহল পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ। দুর্গম সীমান্তে সীমিত জনবল দিয়ে টহলের মাধ্যমে সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করা অত্যন্ত দুরূহ ব্যাপার। এজন্য টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত সুরক্ষার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় ‘বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম’ স্থাপনের কাজ শুরু হয়েছে।
“রাজশাহীর সীমান্ত এলাকায় এই প্রযুক্তির ব্যবহার করা যায় কিনা এবং এখানে টহল পরিচালনার জন্য উপযুক্ত কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায় আমরা সেটা নিয়ে কাজ করছি। আশা করা যায়, অচিরেই এগুলোর প্রয়োগ করা সম্ভব হবে এবং এই সীমান্ত আরও সুরক্ষিত হবে।”
এ সময় বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনোয়ার সাদত আবু ফুয়াদ, বিজিবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখারসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
