সিরাজগঞ্জে কারারক্ষীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কারারক্ষীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তুলেছে পরিবার। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শাহজাদপুর থানার এসআই গোলাম মোস্তফা জানান, রোববার দুপুরে উপজেলার দারিয়াপুর মণ্ডলপাড়ার মনিরুল ইসলামের বাড়ি থেকে তার স্ত্রী সুবর্ণা মোস্তফা মিতুর (২০) লাশ উদ্ধার করে পুলিশ।
মনিরুল রাজশাহী জেলা কারাগারে রক্ষী হিসাবে কর্মরত। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন।
নিহত সুবর্ণা (২০) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরত্রিফলগাতি গ্রামের গোলামের মেয়ে।
গোলামের দাবি, “যৌতুক হিসেবে ছয় লাখ টাকা খরচ করে মনিরুলকে কারারক্ষীর চাকরি নিয়ে দিয়েছি। দেড় বছর আগে মেয়ের বিয়ের পর তাকে আরও এক লাখ টাকা দিয়েছি ।
“সম্প্রতি মনিরুল মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। বলেছি কিছুদিন যাক, কিনে দেব। কিন্তু তা না মেনে মেয়েকে মারধর ও নির্যাতন করতে থাকে। ঈদের ছুটিতে বাড়ি এসে সুবর্ণাকে মোটরসাইকেলের জন্য চাপ দেয় মনিরুল। এ নিয়ে ঝগড়ার কারণে সে তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।”
তবে এটা হত্যাকাণ্ড কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এসআই মোস্তফা বলেন, “তার গলায় ও হাতে জখমের চিহ্ন রয়েছে। পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য আপেক্ষা করছে।”
মনিরুলের শোয়ার ঘরের খাট থেকে লাশ উদ্ধার করা হয় জানিয়ে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্বজনদের সঙ্গে মনিরুলও বাড়িতে ছিলেন বলে প্রতিবেশীরা জানিয়েছে। কিন্তু পুলিশ গিয়ে কাউকে বাড়িতে পায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই মোস্তফা।
