২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সাফারি পার্কে বিপুল দর্শনার্থী

ঈদুল আজহার ছুটির শেষ দিনে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিপুল জনসমাগম হয়েছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 11:44 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

প্রতিবারের মতো এবারও ঈদে দর্শনার্থীর উপচেপড়া ভিড়ে এই বিনোদন কেন্দ্র ছিল মুখর।

ঈদুল আজহার দিনের পর গত দুই দিনে যে লোকসমাগম হয়েছে, তার অনেক বেশি ছিল শনিবার।

তবে বরাবরের মতো এবারও নির্ধারিতের চেয়ে বেশি প্রবেশ ফি নেওয়ার অভিযোগ করেছেন দর্শনার্থীরা।  

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের পরের দুইদিনের প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১০ হাজারের মতো দর্শনার্থীর সমাগম হয়েছিল।

“আর শনিবার পার্কে আনুমানিক ১৪-১৫ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে, যা ঈদের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ।”

ঈদের দিন পাঁচ/সাত হাজারের মতো দর্শনার্থী হয়েছিল বলে তিনি জানান।

সরজমিনে দেখা গেছে, দর্শনাথীদের বেশি ভিড় ছিল কোর সাফারি পার্কে। কোর সাফারি পার্কে বাঘ, সিংহ, ভালুক, হরিণ, জেব্রা, জিরাফ ইত্যাদি আলাদা আলাদা সীমানা প্রাচীরের ভেতর উন্মুক্তভাবে বিচরণ করে।

এসব প্রাণী দেখতে দর্শনার্থীদের পার্কের নির্ধারিত মিনিবাসে চড়ে যেতে হয়, যার কারণে এ অংশ দেখতে সৃষ্টি হয় দর্শনার্থীদের লম্বা লাইন।

প্রায় ঘণ্টাখানেক অবস্থানকালে ১২শ-১৫শ দর্শনার্থীকে লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে।

রফিকুল ইসলাম বলেন, “ঈদের ছুটির শেষদিন ছিল শনিবার। তাই অনেকে পরিবার-পরিজন নিয়ে সাফারি পার্কে উন্মুক্ত পরিবেশে থাকা বাঘ, সিংহ, ভালুকসহ দেশি/বিদেশি প্রাণী দেখতে এসেছেন।”

গ্রামীণ ব্যাংকের ময়মনসিংহের নিগুয়ারি শাখার ব্যবস্থাপক আব্দুল হাই নান্না বলেন, “রোববার ব্যাংক খুলছে। সারা বছর ব্যাংকের কাজে একঘেয়েমি এসে যায়। তাই একটু বৈচিত্র্য আনতেই স্ত্রী-সন্তান নিয়ে সাফারি পার্কে ঘুরে গেলাম। খুব ভাল লেগেছে। খুব আনন্দ পেয়েছি।”

যাত্রাবাড়ি থেকে আসা ব্যবসায়ী মো. শামীম বলেন, “দীর্ঘদিন ইচ্ছে ছিল সাফারি পার্কে আসার। আজ পূর্ণ হলো। অনেক ভিড়ে কষ্টের মধ্যেও স্ত্রী-সন্তান নিয়ে দেশি-বিদেশি অনেক পশু-পাখি দেখে প্রাণ জুড়িয়ে গেছে। এখানে কোনো বখাটের উৎপাত নেই। টুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে।”

সাফারি পার্ক ট্যুরিস্ট পুলিশ ক্যাম্পের এএসআই মোকাম্মেল হোসেন বলেন, এক সময় সাফারি পার্কে দর্শনার্থীরা নিরাপত্তহীনতার মধ্যে থাকলেও টুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপনের পর থেকে এখন আর নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। পার্কে পর্যাপ্ত সংখ্যক টুরিস্ট পুলিশ সদস্য দর্শনার্থীদের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কাজ করছেন।

প্রবেশ ফি বেশি নেওয়ার অভিযোগ

এবারও কোর সাফারি পার্কে এবং পার্কের প্রধান ফটকে ঢুকতে অতিরিক্ত প্রবেশ ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কোর সাফারি পার্কে পূর্ণবয়স্কদের জন্য প্রবেশ ফি ১০০ টাকা অপ্রাপ্ত বয়স্ক ও শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা এবং প্রধান ফটকে পূর্ণবয়স্কদের জন্য প্রবেশ ফি ৫০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১০ টাকা নির্ধারিত রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মানছেন না বলে দর্শনার্থীদের অভিযোগ।

যাত্রাবাড়ি থেকে আসা সোনিয়া সুলতানা বলেন, তিনি তার স্কুল পড়ুয়া দুই সন্তান নিয়ে পার্কের মূল ফটকে প্রবেশ পথে মাথাপিছু ৫০ টাকা এবং কোর সাফারি পার্কে ঢুকতে প্রত্যেককেই ১০০ টাকা করে দিতে হয়েছে।

এ ব্যাপারে কোর সাফারি পার্কের প্রবেশ পথের ইজারাপ্রাপ্ত বেঙ্গল ট্যুরস এবং পাল এন্টারপ্রাইজের টিকেট কাউন্টারের সুপার ভাইজার মো. হাসান তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা নিয়ম মেনেই প্রবেশ ফি নিচ্ছি। কারও কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে না।”