ডাক্তার না হয়েও অস্ত্রোপচারে হাসপাতাল মালিক, প্রসূতির মৃত্যু
গোপালগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর পর হাসপাতালের মালিক ও তার দুই ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পরিবার।
মৃত রেক্সনা রেগম (৩০) টুঙ্গিপাড়া উপজেলার কেরালকোপা গ্রামের মো.আজিজুল মোল্লার স্ত্রী।
বৃহস্পতিবার রাতে টুঙ্গিপাড়া সার্জিক্যাল হাসপাতালে রেক্সনার মৃত্যুর পর তার ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।
ওই মামলায় হাসপাতালের মালিক নুরুল হুদা টুকু এবং তার দুই ছেলে মো.মেহেরাব হোসেন ও মো.নুরুল অদিরনকে আসামি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি এ কেএম এনামুল কবীর জানান, মামলা হওয়ার পর শুক্রবার সকালে মেহেরাব হোসেনকে গ্রেপ্তার করেছেন তারা।
রেক্সনার ভাই আমিনুল বলেন, তার অন্তঃসত্ত্বা বোনকে বৃহস্পতিবার বেলা ২টার দিকে টুঙ্গিপাড়া সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯ টার দিকে হাসপাতালের মালিক টুকু ও তার দুই ছেলে রেক্সনাকে ওটিতে নিয়ে যায়।
“তখন হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণে আমার বোন অপরেশন টেবিলেই মারা যায়।”
আমিনুল বলছেন, ক্লিনিক মালিক টুকু চিকিৎসক না হলেও এলাকায় ‘পল্লী চিকিৎসক’ হিসেবে পরিচিত। তার দুই ছেলে তাকে সহযোগিতা করেন। ওই হাসপাতালে এর আগেও চারজন প্রসূতির মৃত্যু হয়েছে। তবে টুকু ‘টাকা দিয়ে’ সেগুলো মিটিয়ে ফেলেছেন।
এ বিষেয়ে জানতে চাইলে হাসপাতাল মালিক নুরুল হুদা টুকু বলেন, “অপারেশনের সময় আমি ও আমার প্রশিক্ষণ প্রাপ্ত দুই ছেলের সাথে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার সাধন বসু ছিলেন। অপারেশেনের শেষ পর্যায়ে রোগীর শারীরিক অবস্থা খারাপ দেখে সাধন হাসপাতাল থেকে চলে যান।”
টুঙ্গিপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ জানান, সাধন বসু নামে কোনো চিকিৎসক গোপালগঞ্জে নেই। নিজেকে বাঁচাতে নুরুল হুদা টুকু ‘সাজানো ও মনগড়া’ কথা বলছেন।
ওসি এনামুল বলেন, “কোনো প্রশিক্ষণ না থাকার পরও অস্ত্রোপচার করার কথা মেহেরাব পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। প্রকারান্তরে এটি একটি হত্যাকাণ্ড; তাই এ ব্যাপারে হত্যা মামলা নেওয়া হয়েছে।”
এর আগেও ওই ক্লিনিকে চারজন প্রসূতির মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।
