জামালপুরে গাছ পড়ে অটোরিকশার আরোহী নিহত, আহত ৩
জামালপুর শহরে একটি উপড়ে অটৈারিকশার উপর পড়ে এক আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার বিকালে পৌরভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মোখলেছ (৪০) জামালপুর পৌরসভার যোগিরঘোপা এলাকার মুনছুর আলীর ছেলে।
আহতরা হলেন জামালপুর শহরের বন্দেরপাড়ার রাশেদা বেগম (২৩), পাথালিয়ার নুর মোহাম্মদ (৪৫) ও ময়মনসিংহের মুক্তাগাছার রোকেয়া বেগম (৫৫)।
জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টায় জামালপুর পৌর ভবনের সামনে প্রধান সড়কের উপর একটি পাম গাছ উপড়ে পড়ে যায়।
“এ সময় গাছটি একটি বিদ্যুতের তার ও খুঁটিসহ পড়ে ব্যাটারিচালিত এক অটোরিকশার উপর।”
ওসি বলেন, এতে চারজন আহত হয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
“হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মোখলেছকে মৃত ঘোষণা করেন।”
শহরের প্রধান সড়কে গাছ ও বৈদ্যুতিক তারসহ খুঁটি ভেঙে পড়ায় ওই সড়কে কয়েকঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
