২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিনে বগুড়ায় সড়কে নিহত ৫

বগুড়ার শেরপুর ও শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2018, 11:29 AM

Updated : 08 Apr 2022, 06:54 PM

বুধবার শাজাহানপুরে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ আর শেরপুরে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেলে হতাহতের এসব ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের মধ্যে দুইজন হলেন জেলার কাজীপুর উপজেলার হাজরাহারি গ্রামের সোহরব হোসেনের ছেলে শামীম আকাশ (২৮) ও জয়নাল আবেদিন সোহেল রানা (২৭)।

বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ জানান, সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার নাঝিরাবাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

“অটোরিকাশাটি শাজাহানপুর থেকে যাত্রী নিয়ে শেরপুর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী আল হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।”

এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হওয়ায় তাদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এদিকে শেরপুর উপজেলার শালপাড়া বোয়ালকান্দি এলাকায় বেলা ১২টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন।

শেরুপর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “আকাশ ও রানা উপজেলার কাজীপুর থেকে মোটরসাইকেলে করে শেরপুর যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।”