২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে মেশিনে ২ হাত হারালেন কারখানা শ্রমিক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানায় মেশিনে ঢুকে এক শ্রমিকের দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 11:57 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

মাওনা ইউনিয়নের মনো ফিড মিলে সোমবার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুই হাত হারানো শ্রমিক লোকমান হোসেন (২৮) মাগুরা জেলার মফিজুল ইসলামের ছেলে।

তিনি  পোল্ট্রি ও মাছের খাদ্য উৎপাদকারী প্রতিষ্ঠান মনো ফিড মিলে অপারেটর পদে চাকরি করেন।

কারখানার সহকারী স্টোর কিপার মকবুল হোসেন জানান, লোকমান হোসেন সকালে কারখানার রি-সাইকেল মেশিনে কাজ করছিলেন।

“ওই সময় অসাবধানতাবশত তার দুই হাত ওই মেশিনের ভেতর ঢুকে গেলে কুনইয়ের কিছু উপর থেকে দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়।”

মকবুল জানান, তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় আল-হেরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

মকবুল বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে সেখানে তিন ব্যগ রক্ত দেওয়া হয়েছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আল-হেরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বাঁধন চন্দ্র দাস জানান, তার দুই হাতেরই কুনইয়ের উপর থেকে বাহুর অংশ বিচ্ছিন্ন অবস্থায় আনা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

আল হেরা হাসপাতালের ব্যবস্থাপক এম এ হোসেন (হাসান) বলেন, তাকে সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর অবস্থায় ওই হাসপাতালে আনা হয়েছিল।