উত্তরের মহাসড়কে যান চলাচলে ধীর গতি
ঢাকা থেকে উত্তরবঙ্গের মহাসড়কের গাজীপুর অংশে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় চলাচল করছে ধীর গতিতে।
সোমবার সকালে রাস্তায় যাত্রী ও পরিবহনের চাপ কম থাকলেও দুপুরে তা বেড়ে যায়। অনেককে গাড়ি না পেয়ে দীর্ঘ সময় সড়কে অবস্থান করতে দেখা যায়। বাস না পেয়ে কেউ কেউ বিভিন্ন বাহনে করে বাড়ি যাচ্ছিলেন। এ সুযোগে এক শ্রেণির পরিবহন ব্যবসায়ী যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর স্টেশন রোড, বড়বাড়ি, বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা-চৌরাস্তা এলাকায় থেমে থেমে যান চলাচল করছিল।
গাজীপুর ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ এএসপি সালেহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকল গার্মেন্টসের শ্রমিকরা গ্রামের বাড়ি যাওয়ার জন্য রাস্তায় নেমে পড়েছে। এজন্য যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।
“বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিল্পকারখানা অধূষ্যিত বড়বাড়ি, বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও আশেপাশের এলাকায় জনজটের কারণে যানবহন ধীরগতিতে চলছে। তবে যানজট নেই।”
রংপুর যেতে আবুল কালাম তার স্ত্রী-সন্তানের জন্য সোমবার সকালে ভোগড়া বাইপাস সড়কে বাস কাউন্টারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
তিনি বলেন, প্রায় তিনঘণ্টা পর তিনি টিকেট পেলেও তার জন্য প্রায় দ্বিগুণ টাকা গুনতে হয়েছে। অন্য সময় বাইপাস সড়ক থেকে রংপুর যেতে ভাড়া ৪০০/সাড়ে ৪০০টাকা নিলেও এবার ৮০০-১০০০ টাকা করে নিচ্ছে।
গাজীপুর-রংপুর রুটের রাকিব এক্সপ্রেসের কাউন্টার মাস্টার সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুর থেকে রংপুর যাওয়ার পথে প্রচুর যাত্রী পাওয়া গেলেও ফিরে আসার সময় তাদের অনেটা খালি আসতে হয়। তাই যাওয়ার পথে ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে।
একই কথা বললেন ভোগড়া বাইপাসে থাকা বাবলু এন্টারপ্রাইজ ও ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী জিসা পরিবহনের কাউন্টার মাস্টার দুরুল হুদা।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীর তুলনায় পরিবহন সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন সড়ক-মহাসড়কে আনফিট যানবাহন ও ড্রাইভিং লাইসেন্স চালকদের বিরুদ্ধে অভিযান চালানোর ফলে অনেকে ভয়ে ওইসব চালকরা গাড়ি নিয়ে রাস্তায় নামেনি। তাই রাস্তায় গাড়ি সংকট দেখা দিয়েছে। তবে কোথাও যানজট নেই।
নাওজোড় হাইওয়ে থানার পরিদর্শক অহিদুজ্জামান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা-চৌরাস্তা থেকে দক্ষিণে কয়েক কিলোমিটার পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছে। ওইপথে সোমবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গগামী গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় ওই অবস্থার সৃষ্টি হয়েছে। গাড়ির তুলনায় মানুষের চাপ বেড়ে গেছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, ভোগড়া বাইপাস মোড় থেকে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম সকল সড়ক-মহাসড়কেই গাড়ির চাপ বেশি, কোনো পথই ক্লিয়ার নেই। তবে কোথাও যানজট নেই।
