২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গরুর ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬

ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুর ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মাইক্রোবাসের ছয় আরোহীর মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 08:57 AM

Updated : 11 Oct 2022, 12:34 PM

রোববার রাত ৩টার দিকে মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম জানান।

নিহতরা হলেন- চন্দরগঞ্জ উপজেলার মান্দারী গ্রামের নূর মোহাম্মদের মেয়ে জাহান আরা বেগম (৫০), রুমি (৩৫), রুমন (২), শুভ (৮) ও পপি (১৩) এবং মাইক্রোবাসের চালক লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের সিরাজ মোল্লার ছেলে শরিফ রহমান (৪২)।

ওই মাইক্রোবাসে থাকা চন্দরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে আব্বাস উদ্দিন (৩৭), লামছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়াজ (২৪), মান্দারী গ্রামের নুরুজ্জামানের ছেলে রাজু (২২), আবুল কালামের ছেলে শাহ আলম (২২) ও শাহানা আক্তার (৫০) ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বিদেশ থেকে আসা এক আত্মীয়কে আনতে ফেনী থেকে ওই মাইক্রোবাসে করে তারা চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাচ্ছিলেন বলে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মাহবুব আলম জানান।

এছাড়া ট্রাকের চালক, তার সহকারী এবং গরুর মালিককে চট্টগ্রামের মীরসরাই বারৈয়ারহাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবির হোসেন বলেন, মাইক্রোবাসটি সুলতানা ফিলিং স্টেশন পার হওয়ার সময় টেকনাফ থেকে কোরবানির গরু নিয়ে ছাগলনাইয়াগামী ওই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই দুমড়ে-মুচড়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং মাইক্রোবাস থেকে ছয় জনের লাশ উদ্ধার করেন বলে কবির হোসেন জানান।

এসআই মাহবুব বলেন, ওই দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর সকাল ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

দুর্ঘটনাকবলিত ওই ট্রাকে ১৭টি গরু ছিল বলে জানিয়েছে পুলিশ।