২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ হাজার ইয়াবাসহ এএসআই আটক

চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে ৩০ হাজার ইয়াবা ও মোটরসাইকেলসহ গোয়েন্দা পুলিশের এক এএসআইকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2018, 03:40 PM

Updated : 08 Apr 2022, 06:53 PM

র‌্যাব ৭-এর ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, শনিবার সকালে জোরারগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালন করছেন। কুমিল্লার দেবিদ্বার থানার বৈশারকোর্ট এলাকার আবদুল হামিদের ছেলে তিনি।

র‌্যাব কর্মকর্তা শাফায়াত বলেন, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব শুক্রবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক জায়গায় অবস্থান নেয়। সকালে জোরারগঞ্জ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

“কক্সবাজার থেকে ঢাকাগামী পুলিশের স্টিকার লাগানো একটি মোটরসাইকেল আটক করলে বাশার পুলিশ কর্মকর্তা বলে পরিচয় দেন। র‌্যাব তল্লাশি করার সময় বাশার নিজেই তার ব্যাগ থেকে পুলিশের পোশাক, রেইন কোট ও ফয়েল প্যাকেটে মোড়ানো ৩০ হাজার ইয়াবা বের করেন। জিজ্ঞাসাবাদে বাশার জানান, এর আগেও তিনি একটি ইয়াবার চালান ঢাকায় পৌঁছে দিয়েছেন। এটি তার দ্বিতীয় চালান ছিল।”