গাজীপুরে কভার্ডভ্যান চাপায় নারী শ্রমিক নিহত
গাজীপুর নগরীতে কভার্ডভ্যান চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
নগরীর চান্দনা-চৌরাস্তা এলাকায় শাহজালাল ব্যাংকের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো.কাওসার আলম জানান।
নিহত সালমা বেগম (৪০), বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকার হারুন শরীফের স্ত্রী। তিনি গাজীপুর সিটির ইটাহাটা এলাকার দিগন্ত সুয়েটার কারখানার শ্রমিক ছিলেন।
এসআই বলেন, শাহজালাল ব্যাংকের সামনের রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি কভার্ডভ্যান সালমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।
