২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ‘অপহৃত’ ৪ গ্রামবাসীকে পাওয়া গেছে

খাগড়াছড়িতে ‘অপহৃত’ চার গ্রামবাসীকে জেলা শহরের হাইস্কুল মাঠ এলাকায় পাওয়া গেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2018, 03:42 PM

Updated : 08 Apr 2022, 06:52 PM

সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, “পুলিশ সোমবার রাত থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর অপহরণকারীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের হাইস্কুল মাঠ এলাকায় তাদের পাওয়া গেছে।”

তারা হলেন জেলা সদরের জোরমরম শিবমন্দির এলাকার বাসিন্দা টোকাই ত্রিপুরা, সুকেন্দু ত্রিপুরা, সিন্দুরায় ত্রিপুরা ও মশা ত্রিপুরা।

তবে কে বা কারা কেন তাদের ‘অপহরণ’ করেছিল সে বিষয়ে ওসি টিটো কিছু বলতে পারেননি।

সোমবার বিকেলে ইউপিডিএফের কর্মসূচিতে যোগদান শেষে ফেরার পথে শহরের মহাজনপাড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে সোমবার বিকেল থেকেই খাগড়াছড়ি-পানছড়ি সড়কে উত্তেজনা দেখা দেয়। লাঠিসোটা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন পাহাড়িরা।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, “চার গ্রামবাসীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জেলার সার্বিক আইনশৃংখলা পরিবেশ ভালো আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপওা জোরদার করা হয়েছে।”

তবে ‘অপহরণ’ সম্পর্কে তিনি কিছু বলেননি।

চার গ্রামবাসীর সঙ্গে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিমল ত্রিপুরা থানায় গিয়ে দেখা করেছেন জানিয়ে বলেন, “তারা চারজনই দরিদ্র জুমিয়া।”