বগুড়ায় বিচারকের টেবিল ভাংচুর, পাল্টাপাল্টি দোষারোপ
একটি যৌতুক মামলায় আসামির জামিন নিয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের বিতণ্ডার জেরে বগুড়া আদালতে এক বিচারকের টেবিল ভাংচুর হয়েছে, যার দায়িত্ব কোনোপক্ষ স্বীকার করছে না।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে এ ঘটনা ঘটে।
তবে এর ঠিক আগে ওই আদালতের বিচারক এ কে এম ফজলুল হক আদালত কক্ষ ত্যাগ করেন।
ঘটনার পর এই আদালতের জ্যেষ্ঠ আইনজীবী, বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামানসহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আদালত পরিদর্শন করেছেন।
পিপি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, জেলার নন্দীগ্রাম উপজেলা সদরের পশ্চিম পাড়ার একটি যৌতুকের মামলায় আদালত তদন্ত ভার দেয় নন্দীগ্রাম উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মোমিনকে। ওই কর্মকর্তা গত ২২ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে তিনি বলেন, বাদীর অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে। বিবাহ রেজিস্ট্রি না করে উভয় পক্ষ আইন লংঘন করেছেন, যা বাল্যবিয়ে প্রতিরোধ আইনের অন্তরায়। সোমবার ওই মামলার আসামিতের জামিন আবেদনের শুনানি ছিল।
আদালতের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, বাদীপক্ষের পিপি নরেশ মুখার্জী এবং আসামিপক্ষের অ্যাডভোকেট আতিকুল মাহবুব সালাম শুনানি করেন।
পিপির শুনানি শেষে আদালত আসামিদের আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করে। তখন তিনি আদালতের উদ্দেশ্যে পিপি বলেন- আসামিরা জামিনে বেরিয়ে গেলে বাদী সবকিছু থেকে বঞ্চিত হবে।
পিপি নরেশ মুখার্জীর অভিযোগ তার এ বক্তব্যের পর আসামিপক্ষের আইনজীবী আতিকুল মাহবুব সালাম এবং সেখানে অন্য একটি মামলা শুনানির জন্য উপস্থিত অ্যাডভোকেট খালেকুল ইসলাম তার বক্তব্যের বিরোধিতা করেন এবং প্রসিকিউশন পরিচালনার ধরণ নিয়েও প্রশ্ন তোলেন।
এ আইনজীবীদের মধ্যে হইচই শুরু হলে বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে এক আইনজীবী প্রচণ্ড জোরে বিচারকের টেবিলের কাচের ওপর আঘাত করলে টেবিলের কাচ ভেঙে যায়।
দুপুর ১টার দিকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের ভেতরে গিয়ে বিচারকের টেবিলের দক্ষিণ কোণের কাচ ভাঙা দেখা যায়। এ সময় আদালতের কাঠগড়ায় ওই মামলার আসামীদেরও দেখা যায়। এ প্রতিবেদকের সামনেই বগুড়া বারের সিনিয়র আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু এবং সদর থানার ওসি এস এম বদিজ্জামানসহ একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ কর্মকর্তারা চলে যাওয়ার পর জ্যেষ্ঠ আইনজীবী রেজাউল করিম মন্টুর সামনে আদালতের পেশকার ওয়াহেদুজ্জামান ফারুক সাংবাদিকদের বলেন, পিপি সাহেব প্রচণ্ড জোরে আঘাত করে সাহেবের (বিচারকের) টেবিলের কাচ ভেঙেছেন।’ পাশে থাকা আদালতের জারীকারক আবুল কালাম আজাদ এ সময় মাথা ঝাঁকিয়ে তার কথার সমর্থন জানান। এ সময় বার কাউন্সিলের সদস্য আওয়ামী লীগ নেতা রেজাউল করিম মন্টু ঘটনাটিকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করেন।
অভিযোগের বিষয়ে পিপি নরেশ মুখার্জী সাংবাদিকদের বলেন, “আমি আসামিদের জামিনের বিরোধিতা করেছি। তারপরও আসামিদের জামিনের কথা বলা হলো। তখন আমি বাদীর দেনমোহরের বিষয়টি উত্থাপন করি।
“তখনই অ্যাডভোকেট আতিকুল মাহবুব সালাম আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় সেখানে উপস্থিত অ্যাডভোকেট খালিকুল ইসলামও আমার ওপর চড়াও হন।এরপর বিচারক এজলাস ত্যাগ করলে আমি বেরিয়ে আসি। তারপর কী হয়েছে আমি কিছু জানি না।”
আর যদি কিছু হয়ে থাকে তাহলে সেটি আসামিপক্ষের আইনজীবী আতিকুল মাহবুব সালাম করেছেন বলে দাবি নরেশ মুখার্জী।
এ বিষয়ে আতিকুল মাহবুবকে আদালত ভবন সংলগ্ন আইনজীবী সমিতিতে তার চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোন করেও তা বন্ধ পাওয়া যায়।
অ্যাডভোকেট খালিকুল ইসলাম খালেককেও পাওয়া যায়নি।
বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম বলেন, “যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এটা আইনজীবীদের কাজ হতে পারে না। এ বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”
