রংপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ
রংপুর শহরে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, রোববার বেলা ১১টার দিকে শহরের ঘাগটপাড়া শুঁটকি আড়তের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনার ঘটে।
সড়ক অবরোধের কারণে রংপুর দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়ের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
নিহত জিয়ন (১৫) জেলার বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকার জাহিদুল হকের ছেলে।
শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র জিয়ন ঘাঘটপাড়ায় একটি ছাত্রাবাসে থাকত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিয়ন ছাত্রাবাস থেকে একটি বাইসাইকেলে করে পাশের দর্শনা মোড়ে যাচ্ছিল।
“পথে গাইবান্ধা থেকে রংপুরগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জিয়নের মৃত্যু হয়।”
তিনি বলেন, বাসসহ চালককে আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
