গাজীপুরের গজারি বনে শিশুর লাশ
গাজীপুর সদর উপজেলার গজারি বন থেকে আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে অপহরণ করা হয়েছিল বলে পরিবার জানিয়েছে।
উপজেলার ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের হোতাপাড়া এলাকার বন থেকে শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয় বলে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম জানান।
নিহত সাজিম হোসেন হোতাপাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে। সেলিম ঢাকায় গাড়ি চালান।
এ ঘটনায় ওই এলাকার মাহবুবুর রহমানকে (৩২) আটক করা হয়েছে। তিনি সম্পর্কে সাজিমের এক ফুফাতো বোনের জামাই হন বলে পুলিশ জানায়।
নিহতের মা আরিফা খাতুন বলেন,“বৃহস্পতিবার সকালে সাজিমকে মাহবুবের কাছে রেখে জমি রেজিস্ট্রি করতে কাপাসিয়া উপজেলায় যাই। এ সময় আমার মোবাইলে ফোন করে এক ব্যক্তি জানায় যে, সাজিমকে অপহরণ করা হয়েছে।
“সাজিমকে ফিরিয়ে দিতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আর টাকা না দিলে খুন করে লাশ গুম করে ফেলবে বলে জানায়।”
পরে বাড়ি ফিরে মাহবুবকে খুঁজে না পেয়ে তিনি জয়দেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানান আরিফা।
এসআই রফিকুল বলেন, অভিযোগের প্রেক্ষিতে মাহবুবকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে সাজিমের লাশ তারা উদ্ধার করেন।
