২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ৭

গোপালগঞ্জে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 08:44 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের কুয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।

এরা হলেন আবু সাঈদ, শেখ সাদী, শিবলী খানম, ইতি, তিথি ও সামসুন্নাহার।

এদের বাড়ি গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন গ্রামে।

প্রতারণার শিকার শহরের থানাপাড়ার কাজী রিফাত আহম্মেদ বলেন, কুয়াডাঙ্গা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে দুই মাস আগে ‘ওয়ার্ল্ড মিশন ২১ লিমিটেড’ নামে একটি কোম্পানি খুলে বসেন আবু সাঈদ। এরপর পৌরসভা থেকে ‘মেসার্স সাঈদ ইলেকট্রিক’ নামে ট্রেড লাইসেন্সও নেন।

“মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়ার প্রলোভন দেখিয়ে ইলেকট্রিক পণ্য বিক্রয়কর্মী হিসেবে কাজ করার জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেকারদের প্রস্তাব দিয়ে প্রায় এক হাজার মানুষের কাছ থেকে ৫৫০০ টাকা করে হাতিয়ে নেন।”

পরে সদস্য জোগার করে দিলে ৬০০ টাকা কমিশন দেওয়ার কথা কোম্পানি থেকে বলা হয় বলে জানান তিনি।

রিফাত বলেন, বৃহস্পতিবার প্রতারণার শিকার মানুষ অফিস ঘেরাও করে কোম্পানির পরিচালক আবু সাঈদকে মারধর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিচালকসহ সাতজনকে আটক করে নিয়ে যায়।

ওসি মনিরুজ্জামান বলেন, গত ফেব্রুয়ারি মাসে একই প্রতারণার দায়ে আবু সাঈদসহ নয়জনকে ওই স্থান থেকে আটক করা হয়। সেসময় টাকা ফেরত দেয়ার পর মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি।

“দুই মাস আগে তিনি আবারও একই কাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ তাকেসহ সাতজনকে আটক করেছে।”