পাবনায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
পাবনা শহরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
বুধবার রাতে মন্ডলপাড়ায় এই ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন মন্ডলপাড়ার হাসিনা খাতুন (৪৫), রোজি খাতুন (৪২), মুসলিকা খাতুন (৪৬), সাজেদা খাতুন (৪০), রাসেল (২৫), আকাশ (২২), পাপ্পু (২০), জাহিদুল ইসলাম (২৬), শেখ রানা আহমেদ (৪০) প্রমুখ।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক জানান, মন্ডলপাড়ার বাসিন্দা ২ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের আহবায়ক হাব্বান ও আওয়ামী লীগ কর্মী শাহিন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল।
“এর ধারাবাহিকতায় রাত ৯টার দিকে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।”
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সাজেদা খাতুন বলেন, “মাঝে মধ্যেই এই দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়। ফলে আমাদের বসবাসে অনেক সমস্যার সৃষ্টি হয়। আমরা অতংকে থাকি সব সময়।”
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দুই পক্ষের কেউই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
