নীলফামারীতে আগুনে নিঃস্ব হল ১৩ পরিবার
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন থেকে নীলফামারীতে ১৩ পরিবারের অন্তত ৪০টি ঘর মালপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।
রংপুরের তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বেগ জানান, মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সুতারপাড়া গ্রামে এই ক্ষয়ক্ষতি হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
“আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১৩ পরিবারের ৪০টি ঘর পুড়ে যায়। টিনের তৈরি থাকার ঘর ১৮টি, রান্নাঘর ১২টি ও ১০টি গোয়াল ঘর পুড়ে গেছে।”
আগুনে ১৩ পরিবার সর্বস্ব খুইয়েছে বলে ওই এলাকার জনপ্রতিনিধি জানিয়েছেন।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, গ্রামের মোকছেদুল ইসলামের বাড়ির একটি ঘর থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পরে।
উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ বলেন, প্রত্যেক পরিবারেকে তিন হাজার করে টাকা, ৩০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, এক কেজি করে তেল, লবণ, শুকনো খাবার ও শাড়ি-লুঙ্গি দেওয়া হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য আরও সরকারি সহায়তা দেওয়া হবে।
বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোফাখারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
