‘পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার’ ৫ দিন পর মিলল যুবলীগ নেতার লাশ
যশোরে স্থানীয় এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে; যাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গত শুক্রবার তুলে নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
নিহত তরিকুল ইসলাম বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার জামদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বুধবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলার সীতারামপুর ব্রিজের কাছ থেকে তরিকুলের লাশ উদ্ধার করা হয়।
“নিহতের বাম কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে তরিকুলকে বাঘারপাড়ার হাটখোলার দত্তরাস্তা এলাকার তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবার অভিযোগ করলেও পুলিশ তা অস্বীকার করছে।
তরিকুলের মা জাহানারা বেগম বলেন, গত ৩ অগাস্ট সন্ধ্যার দিকে তরিকুলকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কয়েকজন তুলে নিয়ে যায়। এরপর বাঘারপাড়া ও যশোর কোতয়ালি থানায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।
তিনি বলেন, “আমি শুনেছি তারা আমার ছেলেকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়েছিল।আমি মা হিসেবে জানি আমার ছেলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না। তার বিরুদ্ধে কোনো মামলাও নেই।”
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি মনিরুল আলম বলেন, “নড়াইল সদর থানার ওসি তরিকুল নামে এক যুবকের লাশ উদ্ধারের আমাকে জানিয়েছেন। তবে তাকে তুলে নেওয়ার বিষয়ে আমি কিছু জানি না।”
