২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগপত্রের আসামি ভারপ্রাপ্ত মেয়র

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার প্যানেল মেয়র-২ নাসির উদ্দিন দুইটি মামলায় অভিযোগপত্রের আসামি হয়েও দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 11:21 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

মামলায় অভিযুক্ত হওয়ায় এ পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে এবং প্যানেল মেয়র-১ আব্দুর রাজ্জাককে সাময়িক বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১ (১) ধারায় অনুসারে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আাদালতে গৃহীত হলে সরকার মেয়র কিংবা কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করতে পারে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর বাড়িতে হামলা ও আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল মারা যান।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়ায় পৌর মেয়র হালিমুল হক মিরু ও প্যানেল মেয়র-১ আব্দুর রাজ্জাককে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর প্যানেল মেয়র-২ নাসির উদ্দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান।

এ ঘটনায় বসতবাড়িতে হামলা ও মারপিটের ঘটনায় মেয়র হালিমুল হক মিরুর স্ত্রী লুৎফুন নেছা পিয়ারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পুলিশী তদন্ত শেষে সকল আসামিকে বাদ দিয়ে আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর মামলার বাদী চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়ে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন। পরে বিচার বিভাগীয় তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় বিস্ফোরক ও মারপিট আইনের ২টি ধারায় আদালত অভিযোগপত্র গঠন করে।

বিস্ফোরক আইনের মামলা (নম্বর ০১/২০১৮) সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা অবস্থায় আসামিপক্ষ ২০১৭ সালের ১১ মার্চ হাই কোর্টে রিট করে এবং আদালত ৬ মাসের স্থগিতাদেশ দেয়। আর মারপিটের মামলা (নম্বর ১৮১/১৭) শাহজাদপুর আমলী আদালতে এখনও বিচারাধীন রয়েছে।

এদিকে, সাময়িক বরখাস্ত প্যানেল মেয়র-১ আব্দুর রাজ্জাক জামিনে মুক্ত হয়ে হাই কোর্টে রিট করলে ২০১৭ সালের ৩০ নভেম্বর তার কাউন্সিলর পদ ও প্যানেল মেয়র-১ এর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার আদেশ দেয় হাই কোর্ট।

এ বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন বলেন, “মামলার রায়ে শাস্তি হলে দায়িত্বে থাকতে পারব না। কিন্তু চার্জশিট হওয়ার পর মামলা চলমান অবস্থায় দায়িত্ব পালনে কোনো বাধা নেই বিধায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে রয়েছি।”