ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির মামলায় এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, সোমবার রাতে বড় আলমপুর ইউনয়নের আবুল হোসেন দাখিল মাদ্রাসার শিক্ষক ফজলুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত আবেদন নাকচ করে ফজলুরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এদিকে এ ঘটনায় শিক্ষক ফজলুর রহমানকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ওই মাদ্রাসার তত্ত্বাবধায়ক আব্দুল খালেক জানান।
ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে মাদ্রাসার লোকজন চলে গেলে নির্জনতার সুযোগে ফজলুর রহমান ওই ছাত্রীকে কাছে টেনে নিয়ে তার শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেন। বাড়িতে গিয়ে মেয়েটি এ ঘটনা মায়ের কাছে জানায়।
“বিষয়টি শোনার পর ওই ছাত্রীর বাবা ও এলাকার লোকজন মাদ্রাসায় গিয়ে ফজলুর রহমানকে মারধর করেন। তখন তিনি দোষ স্বীকার করেন।”
পরে তারা তাকে পুলিশে সোপর্দ করেন বলে ওসি জানান।
ওসি আরও বলেন, রাতে মেয়েটির বাবার দায়ের করা মামলায় একমাত্র আসামি দেখানো হয়। মঙ্গলবার দুপুরে ওই মামলায় তাকে আদালতে হাজির করা হয়।
