২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাবিতে

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 03:51 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

আগের দিনের মত মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মৌন অবস্থান ও মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

এরপর বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ক্যম্পাসের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। পরে গ্রন্থাগারের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে ‘হেলমেট সন্ত্রাসীদের’ হামলায় অনেক শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয়েছেন। হামলাকারীদের বিচার না করে নিরপরাধ ভাইদেরকে আটক করা হচ্ছে; রিমান্ডে নেওয়া হচ্ছে।

এ হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার এবং আটকদের অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা। 

এদিকে সড়ক পরিবহন আইন-২০১৮ উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “প্রধানমন্ত্রী ছাত্রদের দাবি মেনে নিয়েছেন। তাই আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছি।”