সৈয়দপুরের আর্মি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা
নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের একাংশ একাত্মতা ঘোষণার পর সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার বিকালে বিএইউএসটির রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার রাত ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
মোয়াজ্জেম হোসেন বলেন, “ঈদুল আযহার পর এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে। তারা যাতে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে সেজন্য দুপুরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে আজ রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।”
নয় দফা দাবিতে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষর্থীরা।
শনিবার সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্লাস বর্জন করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সৈয়দপুর-পাবর্তীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
রোববার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের সামনের সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে বসে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা।
তাদের সঙ্গে যোগ দেন সৈয়দপুরের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের শিক্ষাথীরা।
