২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়াবাসী ট্রেনে আরও আসন চায়

ট্রেনে যাত্রীর তুলনায় আসন কম হওয়ায় পরিবহন ধর্মঘট কিংবা হরতাল-অবরোধে বগুড়ার মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 10:17 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

সেই চিত্র প্রকটভাবে ধরা পড়ল চলমান নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে।

কয়েকদিন বাস চলাচল বন্ধ থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক রাজধানীগামী যাত্রী বগুড়া ও সাস্তাহার রেল স্টেশনে ভিড় করছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে টিকেট না পেয়ে ফিরে যেতে হচ্ছে।

এই দুই স্টেশন থেকে প্রতিদিন ঢাকায় যাওয়ার জন্য হাজার হাজার যাত্রী টিকিট কাউন্টারে গিয়ে পাচ্ছে অল্প সংখ্যক মাত্র। বাকিরা পড়ছে ভোগান্তিতে।

বগুড়া রেল স্টেশনে কথা হলো ঢাকাগামী বগুড়ার সোনাতলা উপজেলার আব্দুল্লা আল মামুনের সঙ্গে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক কষ্টে তিনি আসন ছাড়া একটি টিকিট পেয়েছেন। যেতে হবে খাবার বগিতে করে।

বগুড়া শহরতলীর বনানীর আলফাজ ও গাবতলীর আলীমুদ্দিন বলেন, “সকালে এসেছিলাম। দুপুর পর্যন্ত অনেক অনুরোধ করেও টিকিট না পেয়ে ফিরে যাচ্ছি।”

তাদের মতো অনেককেই ফিরে যেতে দেখা গেল।

শিবগঞ্জ উপজেলার আবুল কালামকে তার পরিবার নিয়ে স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে।

বগুড়ার সিনিয়র রেল স্টেশন মাস্টার বেঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস নামের দুটি ট্রেন রংপুর ও লালমনিরহাট থেকে বগুড়া হয়ে প্রতিদিন যাতায়াত করে। এই দুটি গাড়িতে বগুড়ার জন্য আসন বরাদ্দ মাত্র ৮০টি। তাও আবার রোববার রংপুর এক্সপ্রেস এবং শুক্রবার লালমনি এক্সপ্রেস সপ্তাহে দুদিন বন্ধ থাকে।

“হাজার হাজার যাত্রীরা বাস ধর্মঘটের কারণে টিকেটের জন্য ভিড় জমালেও টিকেট দেওয়া সম্ভব হচ্ছে না। যাত্রীদের চাপে সীমিত সংখ্যক টিকেট বিক্রির পর অফিস ছেড়ে লুকাতে হচ্ছে কর্মচারীদের।”

তিনি বলেন, জোরপূর্বক কেউ কেউ টিকিট নিয়ে খাবার বগিতে দাঁড়িয়ে কিংবা বসে যাচ্ছে। বগুড়া থেকে রাজধানীগামী যাত্রীসংখ্যা এমনিতেই বেশি। তার উপর আবার পরিবহন ধর্মঘট।

শুধু বগুড়া নয়, উত্তারঞ্চল থেকে ট্রেনের সংখ্যা ও আসন বৃদ্ধি করা উচিত বলে তিনি মনে করেন।

সান্তাহার রেল জংশনের স্টেশন মাষ্টার মো. ডালিম বলেন, নীলফামারী থেকে নীলসাগর, দিনাজপুর থেকে একতা ও দ্রুতযান নামের তিনটি গাড়ি রাজধানী ঢাকায় যাতায়াত করে। বগুড়ার সান্তাহারের জন্য নীলসাগরের বরাদ্দ ৬০টি আসন, একতায় ৬০টি এবং দ্রুতযানে ৪৮টি আসন। প্রতিদিনই ঢাকার টিকিট আগেই ফুরিয়ে যায়।