বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলা সদরের রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের ছাদে শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে শরণখোলা থানার ওসি মো.কবিরুল ইসলাম জানান।
মৃত নবীন হোসেন হাওলাদার (২৮) উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আব্দুল হালিম হাওলাদারের ছেলে।
রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো.মুনিরুজ্জামান বলেন, মসজিদের জলছাদ নির্মাণের কাজ করছিলেন নবীন। এ সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জাড়িয়ে তার শরীরে আগুন ধরে যায়।
পরে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বলে জানান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো.আসলাম হোসেন জমাদ্দার বলেন, গুরুতর অবস্থায় নবীন হোসেনকে হাসপাতালে আনা হয়।
কিন্তু তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আসলাম জানান।
