নেত্রকোণায় গৃহবধূ গুম, স্বামী গ্রেপ্তার
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় এক গৃহবধূ নিখোঁজের তিনমাস পর তার স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে হত্যা ও লাশ গুমের অভিযোগে।
শুক্রবার রাতে রহমত মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা সদরের গালর্স স্কুল রোডের নূর হোসেনের ছেলে।
তার স্ত্রী কল্পনা আক্তার (২৫) একই উপজেলার মেঘশিমুল গ্রামের আব্দুর রহিম ও হালিমা আক্তারের মেয়ে।
পূর্বধলা থানার ওসি বিল্লাল উদ্দিন বলেন, প্রায় ৬/৭ বছর আগে রহমত মিয়ার সঙ্গে কল্পনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার সালিশ-দরবারও হয়। এক পর্যায়ে কল্পনা তার বাবার বাড়ি মেঘশিমুল গ্রামে মায়ের কাছে চলে যান।
“তিন মাস আগে রহমত আলী মীমাংসার মাধ্যমে কল্পনাকে তার বাড়ি নিয়ে যান। এর তিনদিন পর থেকেই কল্পনাকে আর পাওয়া যাচ্ছিল না।”
ওসি বলেন, ওই সময় রহমত আলী বলেছিলেন-ঝগড়া করে তার স্ত্রী ঢাকায় চলে গেছেন। পরে বিভিন্ন সময় বিভিন্ন কথা বললে কল্পনার পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং কল্পনার মা হালিমা আক্তার পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
“গতকাল শুক্রবার রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রহমত আলীকে গাজীপুরের কোনাবাড়ী আটক করে পূর্বধলা থানার পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের রহমত আলী স্ত্রীকে হত্যা করে লাশ বাড়ির টয়লেটে গুম করার কথা স্বীকার করেন।”
তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার ওই টয়লেট থেকে মানুষের হাড় সদৃশ সামান্য অংশ বিশেষ পাওয়া গেলেও লাশ পাওয়া যায়নি বলে জানান ওসি বিল্লাল।
ওসি বিল্লাল আরও বলেন, রহমত আলী স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
