সিদ্ধিরগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে একদল যুবক, যাদের ছাত্রলীগ ও যুবলীগ বলছে স্থানীয় ও আহতরা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিমরাইল এলাকায় এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।
হামলায় আহতদের মধ্যে রয়েছের নটরডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র কাউসার আহম্মেদ সিয়াম, একই কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র তার বড় ভাই জোবায়ের আলম লিখন, কবি নজরুল কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাকিব।
তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে পুলিশের ভাষ্য, শিক্ষার্থীদের দু্ই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় কাজ করছিল নারায়ণগঞ্জ পলিটেকনিক, পিডব্লিউবি কলেজ, এমডব্লিউউ কলেজ, নটরডেম কলেজ, সরকারি তোলারাম কলেজ, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চান কাউসার আহম্মেদ সিয়াম। এ সময় ওই মোটরসাইকেল আরোহী স্থানীয় যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদের ভাগ্নে সাকিল কাগপজত্র ও ড্রাইভিং লাইসেন্স না দেখিয়ে সিয়ামের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানায় তারা।
এই ঘটনায় পরে দুটি মাইক্রোবাস ও একটি ট্রাকে করে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ-যুবলীগের লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আহত শিক্ষার্থী সাকিব বলেন, “ছাত্রলীগ-যুবলীগ ও পরিবহন শ্রমিকরা লাঠিসোটা নিয়ে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে।”
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া বলেন, তোফায়েল আহম্মেদ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার ভাগ্নে সাকিলের মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে ওই ঘটনা ঘটে।
তবে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ অস্বীকার করেন তিনি।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার বলেন, শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে যুবলীগ নেতা তোফালে আহম্মেদ ও তার ভাগ্নের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
