২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যার আসামি গ্রেপ্তার

দীর্ঘদিন পলাতক থাকার পর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত এক আসামি ধরা পড়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2018, 12:07 AM

Updated : 19 Aug 2022, 02:25 PM

শুক্রবার হবিগঞ্হ সদরের পূর্বকাটাকালী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মহিবুর রহমান (৩০) কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান।

মহিবুর সদর উপজেলার পূর্ব কাটাকালী গ্রামের রফিক মিয়ার ছেলে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ওসি বলেন, মহিবুর রহমান সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযুক্ত আসামি। এতিদন আত্মগোপনে ছিলেন। পুলিশ গোপন খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

“তার বিরুদ্ধে হত্যা মামলা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্ট রয়েছে।”

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় ১৯৯৬-২০০১ মেয়াদের আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।

ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান।

তিন দফা তদন্ত শেষে সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালে ১১ জনের নাম যোগ করে ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন। এরপর ২০১৫ সালের ১১ জুন মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।