২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী থেকে বাস চলবে বিকালে

ছাত্র বিক্ষোভের মধ্যে দিনভর সারা দেশে বাস বন্ধ থাকলেও রাজশাহী থেকে বিকালে চলাচলের ঘোষণা দিয়েছেন পরিবহন নেতারা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 11:13 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

শুক্রবার বিকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সারা দেশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

“তাদের দাবির সঙ্গে আমরাও একমত; কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী ঢুকে পড়েছে। তারা বাসে ভাঙচুর চালাচ্ছে। ফলে বাস ও শ্রমিকদের নিরাপত্তার কারণে দিনে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। রাতে বাস চলাচল করবে।”

তিনি বলেন, যদি শিক্ষার্থীরা রাস্তায় না নামে তবে শনিবার দিনেও বাস চলবে। কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় থাকলে বাস চলাচল বন্ধ থাকবে।

গত ২৯ জুলাই রাজধানীতে বাসচাপায় নিহত হন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব। 

এ ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। বিপুল সংখ্যক গাড়ি ও চালকের লাইসেন্স না থাকার অভিযোগ ছাড়াও বহু কিশোরও গাড়ি চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।