মধুখালীতে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
ফরিদপুরের মধুখালী উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রাম থেকে শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাকিম বিশ্বাস (৫০) উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ওই ব্যক্তিকে আসামি করে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেছেন ওই শিশুর মা।
মেয়েটিকে ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা কাজের জন্য বাইরে যান। ওই সময় হাকিম বিশ্বাস ওই বাড়ি আসেন।
“শিশুটি টিবওয়েলে পানি খেতে গেলে হাকিম বিশ্বাস তাকে টিউবলের পাশে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন।”
মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল আলম বলেন, শুক্রবার দুপুরে হাকিম বিশ্বাসকে মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়েছে।
