২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনের মত ময়মনসিংহ থেকে ঢাকার পথে বাস চলাচল বন্ধ

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে ঢাকার পথে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি; এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 10:18 AM

Updated : 11 Oct 2022, 12:32 PM

শুক্রবারও যাত্রীরা বাস টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস না পেয়ে বাড়ি ফিরেছেন। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে রওনা দিয়েছেন; কাউকে আবার বাস ছাড়ার আশায় অপেক্ষা করতে দেখা গেছে।

জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার জানান, শুক্রবার সকাল থেকে ঢাকার দিকে কোনো বাস ছাড়েননি তারা।

তিনি বলেন, “রাস্তায় বের হলেই শিক্ষার্থীরা ইচ্ছা মতো বাস ভাঙচুর করছে। এতে মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। তাই নিরাপত্তার অভাবে শুক্রবারও ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখা হয়।

তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বিকাল থেকে বাস চলাচল আবার শুরু হতে পারে বলে জানান বিকাশ।

শুক্রবার সকাল থেকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা,পাটগুদাম এবং টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার আঞ্চলিক সড়কে বাস চলাচল করতে দেখা গেছে।

নেত্রকোণার খাইরুল ইসলাম বলেন, “নেত্রকোণা থেকে লোকাল বাসে করে ময়মনসিংহ এসেছি ঢাকা যাব বলে। কিন্তু এখানে এসে দেখি ঢাকাগামী সকল বাস বন্ধ রয়েছে। সন্ধ্যায় ঢাকার দিকে বাস ছাড়বে। তাই সারাদিন অপেক্ষা ছাড়া আর কোন উপায় দেখছি না “

শেরপুরের রফিক আজাদ বলেন, “ঢাকা যাওয়ার জন্য মাসকান্দা বাস টার্মিনালে এসে শুনলাম কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তাই রেলস্টেশনে যাচ্ছি। ট্রেন পেলে ঢাকা যাব।”

গত ২৯ জুলাই একটি বাসের চাপায় ঢাকায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ অবরোধ চালিয়ে আসছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।

শিক্ষার্থীদের এই আন্দোলন ক্রমশ জটিল আকার পেতে থাকায় বুধবার রাতে এক ঘোষণায় সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার।

বৃহস্পতিবারও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে সড়ক অবরোধ করে মানব বন্ধনের মত কর্মসূচি পালন করছেন।