২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বোমা হামলা মামলার আসামি গ্রেপ্তার

২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশে একযোগে বোমা হামলা মামলার এক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 03:50 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

সদর উপজেলার ফতুল্লায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটক কেফায়েতুর রহমান ওরফে নোমান (৩৫) নারায়ণগঞ্জ সদর উপজেলার কোতালেরবাগ এলাকার মাহবুবুর রহমানের ছেলে।

র‌্যাব ১১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নোমান ২০০৫ সালের ১৭ অগাস্ট নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমা হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। মামলাটি আদালতে বিচারাধীন।

“বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ মামলায় ফতুল্লা থানার পুলিশ গ্রেপ্তার ১১ জন ও পলাতক ৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় আদালতে অভিযোগপত্র দিয়েছে। আসামিরা সবাই জেএমবি সদস্য।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বোমা হামলার পর পুলিশি তৎপরতার মুখে নোমান এলাকা ছেড়ে ছদ্মনামে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।

“২০০৭ সালে হোসাইন আহমেদ আজমী পরিচয়ে রাজশাহীর কাটাখালী এলাকায় তার খালাত ভাইয়ের মাদ্রাসা জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজেকে আড়াল করার জন্য ছন্দনাম ব্যবহার করে ওই এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।”