মাদকের বিরুদ্ধে জয়ী হওয়ার বিকল্প নেই: র্যাব ডিজি
মাদকবিরোধী অভিযানে জয়ী হওয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
সোমবার গোপালগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, “একাত্তরের মতো নব্বইয়ের গণঅভ্যুত্থান, জঙ্গিবাদ বিরোধী অভিযানসহ সকল জাতীয় ইস্যুতে আমরা জয়ী হয়েছি। আমাদের পরবর্তী প্রজম্মও মাদকের বিরুদ্ধে বিজয়ী হবে। আমাদের কাছে আর কোনো বিকল্প নেই।”
বাংলাদেশে কোনো মাদক ব্যবসসায়ী থাকবে না মন্তব্য করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনাদের সাথে নিয়ে মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে গ্রাম শহর থেকে বিতারিত করব। পরবর্তী প্রজম্মকে মাদকের ভয়ংকর থাবা থেকে রক্ষা করতে হবে।”
যেকোনো মূল্যে মাদক ব্যবসা বন্ধ করবেন বলেছেন র্যাব ডিজি।
“কেউ ইচ্ছা করলে নিজেই মাদক ব্যবসা বন্ধ করতে পারে। এতে সে রক্ষা পেতে পারে। আমরা মাদকের বিরুদ্ধে বিচ্ছিন্ন অভিযান শুরু করিনি, সংঘবদ্ধ অভিযান শুরু করেছি। এ অভিযান থেকে কেউ রেহাই পাবে না।”
বিকালে গোপালগঞ্জ শেখ মণি স্মৃতি অডিটোরিয়ামে গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত রোজি জামাল মহিলা কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, পূবালী ব্যাংক দাবা প্রশিক্ষণ ও বাড়তি ওষুধে নতুন জীবন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনজীর।
অনুষ্ঠানে অতিথিরা রোজি জামাল মহিলা কাবাডি প্রতিযোগিতার পুরস্কার ও স্কুলে স্কুলে দাবা সামগ্রী বিতরণ করেন। এরপর প্রধান অতিথি পূবালী ব্যাংক দাবা প্রশিক্ষণ ও বাড়তি ওষুধে নতুন জীবন কর্মসূচির উদ্বোধন করেণ।
গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি কাজী হারুন অর রশীদ মিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাংলাদেশ দাবা ফেডারেশনর সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, পূবালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের ডিজিএম এ কে এম আব্দুর রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানে গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক উৎপল দাস শুভেচ্ছা বক্তব্য রাখেন।
