নীলফামারীতে ওএমএস কার্যক্রম শুরু
নীলফামারীতে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের জন্য খোলা বাজারে স্বল্পমূল্যের চাল বিক্রয় কার্যক্রম ওএমএস চালু করেছে সরকার।
সোমবার সকালে জলঢাকার খুটামারা ইউনিয়নের টেংগনমারী বাজারে বিশেষ এই ওএমএস কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা।
সম্প্রতি কয়েক দফা ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার ৩১টি ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের সুবিধা দিতে এই কার্যক্রম চালু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা খাদ্য কর্মকর্তা কাজী সাইফুদ্দিন অভি বলেন, সম্প্রতি কয়েক দফা ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ ও স্বল্পমূল্যে চাল সরবরাহের দাবি জানায়।
ডোমারের ১০টি, ডিমলার ১০টি ও জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নের ৩১ জন তালিকাভুক্ত ডিলারের মাধ্যমে বিশেষ ওই কর্মসূচির চাল সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন প্রতিটি ইউনিয়নের জন্য এক মেট্রিক টন করে চাল দেওয়া হবে। ৩০ টাকা কেজি দরে প্রতিজন সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে একমাস এই কর্মসূচি চলবে।
জেলা খাদ্য বিভাগের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ শামীম, জেলা পরিষদের সদস্য জুলফিকার আলী প্রমুখ।
