পাবনায় স্বাধীনতা চত্বরের উদ্বোধন
মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের স্মরণে পাবনার টাউন হলের পৌর মুক্তমঞ্চের নাম স্বাধীনতা চত্বর করা হয়েছে।
সোমবার সকালে স্বাধীনতা চত্বরের ফলক উন্মোচন এবং নির্মাণ কাজ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিব বাহিনীর পাবনা অঞ্চলের অন্যতম সদস্য ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, লতিফ রিয়েল এস্টেটের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব ও পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রিজ লিমিটেডের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী।
স্বাধীনতা চত্বরের উদ্বোধনের সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সূচনা লগ্নেই পাবনা প্রথম হানাদার মুক্ত হয়। এখানেই এ জেলার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়।
মুক্তিযুদ্ধের সেই চেতনা লালন করেই এ চত্বরে একটি অত্যাধুনিক মঞ্চ তৈরি করা হবে বলে জানান তারা।
