২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ৪ ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে চার ‘জেএমবি’ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 03:30 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া সোমবার সংবাদ সম্মেলনে জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের ইনটেলিজেন্স শাখা, রংপুর, লালমনিরহাট ও বগুড়ার পুলিশের একটি দল রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন গঙ্গাচড়া উপজেলার কুড়িবিশ্বা দোলাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে রংপুর জেলার দাওয়াহ বিভাগের প্রধান আজহারুল ইসলাম ওরফে ওয়ানুর (৩২), একই উপজেলার চর বাগডহড়া গ্রামের নৈয়ব আলীর ছেলে গঙ্গাচড়া উপজেলার দাওয়াহ বিভাগের প্রধান আকরামুজ্জামান ওরফে মুকুল (২৬), একই গ্রামের মমিন আলীর ছেলে রংপুর জেলার ইছাবা (সামরিক) সদস্য ফারুক ওরফে সাজু (২২) ও ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে রংপুর জেলার ইছাবা (সামরিক) সদস্য আব্দুল হাকিম ওরফে মিলন (৩৪)।

গঙ্গাচড়ার দুর্গম চরাঞ্চলে জেএমবি তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে পুলিশের ভাষ্য।

পুলিশ সুপার আলী আশরাফ বলেন, অনেক দিন ধরে পুলিশ তাদের খোঁজখবর নিচ্ছিল।

“রোববার সাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার সময় দেহ তল্লাশি করে একটি বিদেশি একে২২ রাইফেল ও একটি ম্যাগাজিন, ১৫টি গুলি, দুটি বিদেশি ৭.৬৫ পিস্তল ও তিনটি ম্যাগাজিন, দুটি বার্মিজ চাকু ও নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।”

অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে গেছে বলে তিনি জানান।