বেনাপোলে ৪ কেজি রুপা জব্দ
বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে ভারত থেকে আনা চার কেজি রুপা জব্দ করেছে বিজিবি।
রোববার ভোরে রুপাগুলো জব্দ করা হয় বলে যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভারত থেকে আনা রুপার একটি চালান বাসে করে যশোর নেওয়া হচ্ছে খবর পেয়ে আমড়াখালি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয় বিজিবি।
“সেখানে একটি বাসে তল্লাশি চালিয়ে চার কেজি দুই গ্রাম ওজনের রুপা উদ্ধার করা হয়।”
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায় বলে আরিফুল জানান।
জব্দকৃত রুপা যশোর বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।
